
নিজস্ব প্রতিবেদক
নড়াইল, ২৩ ফেব্রুয়ারি ২০২৬: নড়াইলের সিংগাশোলপুর ইউনিয়নে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় র্যাব-৬ এর অভিযানে এক আসামিকে গ্রেফতার।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেজর ফজলে রাব্বির নেতৃত্বে র্যাব-৬-এর একটি আভিযানিক দল সদর উপজেলার চাঁদপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে নড়াইল জেলার সদর থানার তারাপুর গ্রামের আমিন শিকদারের ছেলে রনি শিকদার (৩৫) কে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, তিনি ভোরে বড়কুলা গ্রামে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের অন্যতম আসামি। গ্রেফতারের পর তাকে আইনগত প্রক্রিয়ার জন্য নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ভোরে সিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে খলিল গ্রুপ ও খায়ের গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের মোট চারজন নিহত হন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী টহল জোরদার করেছে এবং সংশ্লিষ্টদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।