
মনির খান, স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশীপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে নিহত কৃষক মো. জাহাঙ্গীর শেখ (৬২) ও তার ছেলে নাহিদ শেখ (২৬)-এর দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ৩টায় বাহিরপাড়া নূরানী হাফেজিয়া ও ক্যাডেট মাদ্রাসা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় শতাধিক গ্রামবাসী, নিহতদের আত্মীয়-স্বজন, স্থানীয় রাজনৈতিক নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে বাবা-ছেলেকে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, গত বুধবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে বিরোধপূর্ণ একটি জমিতে কাজ করছিলেন জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ শেখ। এ সময় প্রতিপক্ষ মো. মান্দার শেখের নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। ঘটনাস্থলেই মারা যান জাহাঙ্গীর শেখ। গুরুতর আহত নাহিদ শেখকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রওনা দিলে পথেই তিনি মারা যান।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের জানান, গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জোড়া খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি আরও জানান, এখনো পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি, তবে নিহতদের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি জারি রয়েছে।