
মনির খান, স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের সহ-সভাপতি সমীর ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে লোহাগড়া থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সমীর ঘোষ স্থানীয়ভাবে প্রভাবশালী হিসেবে পরিচিত। তিনি প্রয়াত ধীরেন্দ্রনাথ ঘোষের ছেলে এবং টানা চারবার ওয়ার্ড সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি ইউনিয়ন পরিষদের সদস্য হওয়ার পাশাপাশি নোয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পদে থেকে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সূত্র জানায়, বিভিন্ন সময়ে সমীর ঘোষকে আওয়ামী লীগের কর্মসূচিতে ব্লেজার ও নৌকা প্রতীকের ব্যাজ পরে অংশ নিতে দেখা গেছে। এলাকাবাসীর অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় এমপির ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে অর্থ এনে আত্মসাৎ করেছেন। এছাড়া প্রভাব খাটিয়ে সরকারি নানা আর্থিক সুবিধা ভোগ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে গ্রেফতারের কারণ জানানো না হলেও বিষয়টি নিয়ে তদন্ত চলছে।