
মো. আজিজুর বিশ্বাস, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার পার-মল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের মামলা-মোকদ্দমার জেরে সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের হামলায় মিজু কাজী (৩৭) গুরুতর জখম হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মশিয়ার শেখ ও ইমরুল মোল্যা সমর্থিত ‘ঠাকুর গ্রুপ’ এবং জলিল শেখ, আব্দুল্লাহ শেখ ও আজম মৃধা সমর্থিত ‘মৃধা গ্রুপ’-এর মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছে। এর জেরে সকালে মৃধা গ্রুপের সমর্থক সোহেল নামে এক যুবক ঠাকুর গ্রুপের মোশাররফ কাজীর ছেলে মিজু কাজীকে ইজিবাইক থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ২০১৬ সালের ১৬ আগস্ট একই গ্রামে এ দুই পক্ষের সংঘর্ষে নুর ইসলাম মৃধা ও ইকবাল মৃধা নিহত হন। চাঞ্চল্যকর ওই জোড়া খুনের মামলা এখনও আদালতে বিচারাধীন রয়েছে।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে সংঘর্ষের আশঙ্কায় উভয় পক্ষের লোকজন ঘরবাড়ি থেকে মালামাল সরিয়ে রেখেছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, “সংঘর্ষের খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”