
মনির খান, স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষীপাশা এলাকায় পৌরসভার রাস্তার ওপর নির্মিত ইটের হেজিং ভেঙে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে ওসমান শেখ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ওসমান শেখ লোহাগড়া উপজেলার শালনগর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৪-৫ বছর আগে লোহাগড়া পৌরসভা জনগণের চলাচলের সুবিধার্থে লক্ষীপাশায় একটি ইটের সলিং রাস্তা নির্মাণ করে। সম্প্রতি ওসমান শেখ, সৈয়দ আবুল বাসারের কাছ থেকে জমি কিনে সেখানে একটি বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেন। ভবন নির্মাণের অংশ হিসেবে তিনি পৌরসভার রাস্তার ওপরের ইটের হেজিং ভেঙে ফেলেন, যা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এ ঘটনায় সৈয়দ আবুল বাসার পৌরসভায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পৌরসভার কর্মকর্তারা সরেজমিন তদন্তে গিয়ে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেন এবং কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।
পরে ওসমান শেখ সেনাবাহিনীর নিকট অভিযোগ করেন। সেনাবাহিনী তদন্তের দায়িত্ব দেন লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফকে। সরেজমিন তদন্ত শেষে মিলু শরীফ জানান, ওসমান শেখ আসলে রাস্তার একটি অংশ দখল করে নির্মাণকাজ চালাচ্ছেন।
তবে সোমবার (২৮ এপ্রিল) পৌরসভার অনুমতি ছাড়াই ওসমান শেখ আবারও নির্মাণকাজ শুরু করেন। এ সময় বাধা দিতে গেলে সৈয়দ আবুল বাসার ও তার স্ত্রীকে হুমকি ধামকি দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসীরা জানান, রাস্তা দখল করে নির্মাণকাজ চলতে থাকলে জনসাধারণের চলাচলে মারাত্মক সমস্যা দেখা দেবে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং রাস্তা দখলমুক্ত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে লোহাগড়া পৌরসভার কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়া চলমান রয়েছে।