
মনির খান, স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়া পৌরসভার কচু বাড়িয়া গ্রামে মা–বাবার সঙ্গে অভিমান করে সেতু পাল (১৬) নামের এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে এলাকাবাসীর দাবি, এ মৃত্যুর পেছনে রহস্য থাকতে পারে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কচু বাড়িয়া গ্রামের গোবিন্দ পালের মেয়ে সেতু পাল সোমবার পরিবারের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সেতুকে মৃত ঘোষণা করেন। এ সময় স্বজনরা চিকিৎসককে জানান, সেতু “হার্ট অ্যাটাক” এ মারা গেছে।
তবে এলাকাবাসীর দাবি, প্রথমে হার্ট অ্যাটাকের কথা বলে আসল কারণ ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। অনেকেই মনে করছেন, ময়নাতদন্ত করলে মৃত্যুর প্রকৃত কারণ প্রকাশ পেতে পারে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর নিহতের মা–বাবা থানায় লিখিত আবেদন করে ময়নাতদন্ত ছাড়াই সৎকারের অনুমতি চান। এর আগে পরিবার দ্রুত হাসপাতাল থেকে লাশ নিয়ে চলে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, “সত্য উদঘাটনের জন্য ময়নাতদন্ত ও পুলিশের সুষ্ঠু তদন্ত প্রয়োজন। এতে যদি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ থাকে, তা প্রকাশ পাবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।”
লোহাগড়া থানার দায়িত্বশীল কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে অভিযোগ পেলে বিস্তারিত তদন্ত করা হবে।