
মনির খান, ষ্টাফ রিপোর্টার:
নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির পরিচালনা পর্ষদের ত্রি-বার্ষিক কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বিকেলে লোহাগড়ার রথখোলা চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক বাবু খোকন কুন্ডু।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মন্দির পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি কমল কৃষ্ণ বালা, রঘুনাথ কর, অবসরপ্রাপ্ত শিক্ষক মৃত্যুঞ্জয় দাস, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিচালনা পরিষদের সহ-সম্পাদক কিশোর রায়, নির্মল পোদ্দার কালু, বিপ্লব সাহা, রতন চক্রবর্তীসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
সভা শেষে সর্বসম্মতিক্রমে অচিন্ত্য মজুমদার বুদ্ধকে সভাপতি, নিপুন চক্রবর্তীকে সাধারণ সম্পাদক এবং নির্মল পোদ্দার কালুকে কোষাধ্যক্ষ করে মন্দিরের নতুন ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ দিনের মধ্যে নবগঠিত নেতৃত্ব একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
স্থানীয় ধর্মপ্রাণ মানুষদের মধ্যে নতুন কমিটির গঠনকে কেন্দ্র করে আশাবাদ ও সহযোগিতার পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে এই কমিটি সক্রিয় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন উপস্থিত বক্তারা।