
মো: আজিজুর বিশ্বাস, স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়া উপজেলায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পান্নু মোল্লা (৩৮) ও তার ভাবি শারমিন বেগমকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) দুপুর ২টার দিকে শিশুটির মা বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেন।
মামলার মাত্র দুই ঘণ্টার মধ্যে লোহাগড়া থানার পুলিশ অভিযুক্ত পান্নু মোল্যা ও তার সহযোগী শারমিন বেগমকে গ্রেফতার করে। লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত পান্নু মোল্যা নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দিনোনাথপাড়া গ্রামের মো. সোনা মিয়ার ছেলে এবং তার ভাই বাবু মোল্যার স্ত্রী শারমিন বেগম।
মামলার এজাহার ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১টার দিকে স্কুল থেকে ফেরার পর শিশুটি পান্নু মোল্যার বাড়িতে বরই কুড়াতে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকায় সে শিশুটিকে ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে স্থানীয় কিছু মাতব্বর শিশুটির পরিবারকে মামলা না করতে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে শিশুটির খালাতো ভাই বিষয়টি জানতে পেরে তাকে থানায় নিয়ে যান এবং তার মা বাদী হয়ে মামলা করেন।
ভুক্তভোগীর বাবা বলেন, “আমার ছোট মেয়েটি বরই কুড়াতে গেলে পান্নু মোল্যা তাকে ধর্ষণের চেষ্টা করেছে। পরে আমি বিষয়টি জানতে পারি। এরপর গ্রামে কিছু মাতব্বর মামলা না করতে ভয় দেখায়। তবে শেষ পর্যন্ত আমরা মামলা করেছি এবং এর ন্যায়বিচার চাই।”
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, “মামলা দায়েরের পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত ও তার সহযোগীকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”