
মনির খান, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া পৌর শহরের ঐতিহ্যবাহী লোহাগড়া বাজারে ফয়েজ মোড় থেকে পূর্ব দিকে ডান পাশে সরকারি সড়ক দখল করে তিনতলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে মাষ্টার সরদার গোলাম মোস্তফার বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা গেছে, মাষ্টার সরদার গোলাম মোস্তফা (অব) লোহাগড়া বাজারের ফয়েজ মোড় এলাকায় স্থায়ী ভবন নির্মাণের কারণে সরকারি সড়ক সংকুচিত হয়ে জনসাধারণ চলাচলে চরম অসুবিধার মুখে পড়েছেন। সরকারি ম্যাপ অনুযায়ী রাস্তাটি ২৯ ফুট প্রশস্ত হলেও, নির্মিত ভবন প্রায় ৫–৬ ফুট সড়ক দখল করেছে।
সরেজমিনে জানা যায়, বাজারের ব্যস্ততম অংশে নির্মিত এই ভবনের কারণে প্রতিদিন হাজারো মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে। এলাকাবাসী দ্রুত সমস্যার সমাধান চান।
ভবন মালিকের ছেলে কৌশিক আহমেদ বলেন, “পাঁচ বছর আগে লোহাগড়া পৌরসভার সার্ভেয়ার এসে আমাদের জায়গা বুঝিয়ে দিয়েছিলেন। আমরা সেই অনুযায়ী ভবন নির্মাণ করছি।”
অন্যদিকে, বাজার সংশ্লিষ্ট সংগঠন জানিয়েছে, তারা বিষয়টি সম্পর্কে আগে অবগত ছিলেন না। লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাজু আহমেদ বাপ্পি বলেন, “এটি খোঁজবিন করে ও পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বাজারের নিয়ম-শৃঙ্খলা ঠিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এলাকার সরকারি কর্মকর্তা, লোহাগড়া পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র বলেন, “আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসী অভিযোগ করেছেন, সরকারি সড়ক দখল করে স্থায়ী ভবন নির্মাণ শুধু যানবাহন চলাচল ব্যাহত করছে না, অগ্নিকাণ্ড বা জরুরি পরিস্থিতিতেও বড় ধরনের বিপদের সম্ভাবনা তৈরি হচ্ছে। তারা অবিলম্বে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।