মনির খান বিশেষ প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মোঃ ইউনুছ শেখের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতি, জমিজালিয়াতি ও ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমি আত্মসাৎ, ভুয়া দলিল তৈরি ও সরকারি ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম চালিয়ে যাচ্ছেন।
লোহাগড়া ইউনিয়ন ভূমি অফিসের অধীনে থাকা ১২টি মৌজার অধিকাংশ জমির দলিল জালিয়াতি করে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। চাঞ্চল্যকর তথ্য হলো, নায়েব ইউনুস নিজ বাড়িতে ভূমি অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে গিয়ে তার ছেলে নয়ন ইসলামকে দিয়ে ভুয়া পর্চা তৈরি করতেন। এমনকি, সরকারি বালাম বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে তথ্য গায়েব করার মতো গুরুতর অপরাধও করেছেন তিনি।
এর আগে, শালনগর ইউনিয়নে দায়িত্ব পালনকালে তিনি ঘুষ নেওয়ার জন্য সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করতেন। অভিযোগ রয়েছে, মানিকগঞ্জ বাজার ও নারান্দিয়া রেল প্রজেক্ট সংলগ্ন একাধিক জমি আত্মসাৎ করেছেন এবং আত্মীয়স্বজনের নামে ভুয়া কাগজপত্র তৈরি করে জমি দখল করেছেন।
স্থানীয়দের অভিযোগ, মোঃ ইউনুছ শেখ নামে-বেনামে বিপুল সম্পদের মালিক হয়েছেন। তার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখলেরও একাধিক অভিযোগ রয়েছে, যা নিয়ে মামলা চলমান রয়েছে (মামলা নং-৪৯, খতিয়ান নং-৫৫০, দাগ নং-৩৪৩২ ও ৩৪৩১)।
ভুক্তভোগীরা দ্রুত তার বদলি ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে, মোঃ ইউনুছ শেখের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সাধারণ মানুষের প্রত্যাশা, যথাযথ তদন্তের মাধ্যমে নায়েব ইউনুসের দুর্নীতি ও জালিয়াতির স্বচ্ছ বিচার হবে এবং তারা তার প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন।