
মনির খান, স্টাফ রিপোর্টার, নড়াইল:
নড়াইলের লোহাগড়া উপজেলা-এর কাশীপুর ইউনিয়ন-এর পদ্মবিলা গ্রামের মৃত মতিয়ার শেখের ছেলে হাসান শেখ অভিযোগ করেছেন, একই গ্রামের আজিবর শেখের ছেলে ইয়াসিন শেখ, মুজিবর শেখের ছেলে আসাদ শেখ, ছরোয়ার শেখ ও আতিয়ার শেখের ছেলে জুয়েল শেখ তার রামেশ্বরপুর মৌজা-এর ১৫৬৩ দাগের ৫ শতাংশ জমিতে জোরপূর্বক অবৈধ বসত ঘর নির্মাণ করছেন।
ভুক্তভোগী প্রথম পক্ষ হিসেবে হাসান শেখ নড়াইল বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন (মামলা নং এমপি ৭৬/২০২৬)। পরে ৩ মার্চ মঙ্গলবার আদালত ওই জমির উপর ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারা জারি করেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আদালতের নির্দেশনা অনুযায়ী পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্বিতীয় পক্ষকে অবৈধ ঘর নির্মাণ স্থগিত করতে নির্দেশ দেন। একই সঙ্গে উভয় পক্ষকে আদালতের ১৪৪ ধারার আদেশনামা পড়ে শোনানো হয় এবং জমিতে প্রবেশ ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়।
ভুক্তভোগী হাসান শেখ জানান, “আমার জমিতে উল্লেখিত লোকজন জোরপূর্বক পাকা ঘর নির্মাণ করছে। আমার সমস্ত বৈধ কাগজপত্র আছে। আমি তাদেরকে জমি ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করেছি, কিন্তু তারা আমার কথা শুনছে না। আদালতের ১৪৪ ধারা জারি হওয়ায় আমি আশা করি সমস্যা সমাধান হবে।”
স্থানীয়রা আশা করছেন, প্রশাসন ও আদালতের কঠোর পদক্ষেপের মাধ্যমে জমি নিয়ে বিরোধ ও অবৈধ দখল ঠেকানো সম্ভব হবে।