
মনির খান নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষ্মীপাশা আদর্শপাড়ায় শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘কামনা শিশু সেন্টার ও কামনা সাহিত্য একাডেমী’। শিশুদের মানসম্মত শিক্ষা ও সাহিত্যচর্চার সুযোগ তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকেরা।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক কবি ও লেখক কামনা ইসলাম (এমএ)-এর সার্বিক ব্যবস্থাপনায় কেক কেটে নতুন আঙ্গিকে এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও লেখক মিজানুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি, লেখক ও শিক্ষক উজির আলী, কবি-লেখক ও সংগঠক সবুজ সুলতান, নজরুল গবেষক ও ‘অগ্নিবীণা’র প্রতিষ্ঠাতা এইচ এম সিরাজ, কবি ও সাহিত্যপ্রত্যাশা পত্রিকার সম্পাদক দুঃখ হুমায়ুন কবির, সমাজপতি লিয়াকত হোসেন, শিক্ষক রেজাউল ইসলাম, সাংবাদিক ও কবি খায়রুল ইসলাম, সাংবাদিক রেজাউল করিম, পিকুল আলম, মনির খান, আব্দুল্লাহ আল মামুন, রাশেদ রাসুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং শিক্ষকবৃন্দ।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, কামনা শিশু সেন্টার ও সাহিত্য একাডেমীতে প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত একাডেমিক শিক্ষার পাশাপাশি কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখা, কেরাত, গজল, ইসলামী সংগীত, চিত্রাঙ্কন এবং ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের জন্য কথা বলার প্রশিক্ষণ দেওয়া হবে। চার বছর বয়সী শিশুদের ভর্তি কার্যক্রম চালু রয়েছে।
লক্ষ্মীপাশা আদর্শপাড়ার বহুমুখী সড়কের পাশে অবস্থিত প্রতিষ্ঠানটি তুলনামূলক নিরাপদ এলাকায় গড়ে তোলা হয়েছে, যেখানে শিশুদের চলাচলে সড়ক দুর্ঘটনার ঝুঁকি কম বলে জানান সংশ্লিষ্টরা।
উদ্বোধনী বক্তব্যে প্রধান শিক্ষক কবি ও লেখক কামনা ইসলাম বলেন, “ভালো ও সুন্দর পরিবেশে শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এলাকাবাসী এগিয়ে এলে এই প্রতিষ্ঠান শিশুদের শিক্ষা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”