
নিজস্ব প্রতিনিধি, নড়াইল
নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের প্রয়াত সেনা সদস্য ল্যান্স কর্পোরাল গাজী টিপু সুলতানকে শনিবার সামরিক মর্যাদায় দাফন করা হয়েছে। মরদেহকে লক্ষ্মীপাশা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। এ সময় মর্যাদাপূর্ণ গার্ড অব অনার প্রদান করে বাংলাদেশ বিমান বাহিনীর একটি চৌকস দল।
দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সার্জেন্ট মাসুদ, সার্জেন্ট চুন্নু মোল্লা, সার্জেন্ট মনির খানসহ অন্যান্য সদস্য। এছাড়া মরহুমের ছেলে, আত্মীয়স্বজন ও এলাকাবাসীও উপস্থিত ছিলেন। দাফনের পরে গোপিনাথপুর গ্রামের মসজিদের ইমাম সাহেবের নেতৃত্বে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
গাজী টিপু সুলতান ১৯৭২ সালে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরে সিপাহী পদে যোগদান করেন। দীর্ঘ ১৭ বছর নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে চাকরি সম্পন্ন করে ১৯৮৯ সালে ল্যান্স কর্পোরাল পদে অবসর গ্রহণ করেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।