
নিজস্ব প্রতিবেদক
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নে সার ডিলার নিয়োগ নিয়ে আপত্তি তুলেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. শাহাদাত হোসেনকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে তাঁরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন তাঁরা।
রোববার (১১ অক্টোবর) বিকেলে লাহুড়িয়া বাজারের মাগুরা বাসস্ট্যান্ড এলাকায় লাহুড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। প্রথমে মানববন্ধন করেন নেতাকর্মীরা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, যুবলীগের একজন নেতাকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁদের দাবি, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হয়নি। তাঁরা অবিলম্বে এ নিয়োগ বাতিল করে যোগ্য ও ত্যাগী ব্যক্তিদের ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার আহ্বান জানান। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।
বক্তারা আরও বলেন, কৃষকদের জন্য সার অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষি উপকরণ। তাই সার বিতরণে কোনো ধরনের পক্ষপাত বা অনিয়মের সুযোগ থাকা উচিত নয়। কৃষকেরা যাতে ন্যায্যমূল্যে ও সময়মতো সার পান, সে জন্য প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তাঁরা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন লাহুড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিল্টন জমাদ্দার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুন্সি মফিজুর রহমান, যুবদল নেতা মিজানুর রহমান এবং লাহুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী মিয়া।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা বলেন, সার ডিলার নিয়োগের জন্য উপজেলাভিত্তিক একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।