
মনির খান, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় আলোচিত সালমান হত্যা মামলার তদন্ত–প্রাপ্ত আসামি রহমতুল্লাহ শেখকে বিশেষ অভিযানে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) রাতে লোহাগড়া পৌরসভার মদিনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার রহমতুল্লাহ শেখ লোহাগড়া উপজেলার দোহা মল্লিকপুর গ্রামের মো. গাউস শেখের ছেলে।
পুলিশ জানায়, এ বছরের ১১ মে নওয়াগ্রাম ইউনিয়নের মো. সৈয়দ ওমর আলীর ফসলি জমিতে সালমান হত্যাকাণ্ড ঘটে। মামলাটি লোহাগড়া থানায় রুজু হলেও তদন্তে রহমতুল্লাহ শেখের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাঁকে তদন্ত–প্রাপ্ত আসামি হিসেবে চিহ্নিত করা হয়।
বিশেষ এই অভিযান পরিচালনা করেন লোহাগড়া থানার এসআই তারোক বিশ্বাস। অভিযানকালে তাঁর সঙ্গে ছিলেন এএসআই তরুণ রঞ্জন ও এএসআই রুহুল আমিন। পুলিশের দলটি গোপন তথ্যের ভিত্তিতে মদিনাপাড়া এলাকায় অবস্থান নিলে রহমতুল্লাহ শেখকে আটক করা সম্ভব হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “সালমান হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তদন্ত–প্রাপ্ত এক আসামিকে আমরা গ্রেপ্তার করেছি। এ ঘটনায় অন্য যাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে, তাঁদেরও চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।” তিনি আরও বলেন, “আইন–শৃঙ্খলার স্বার্থে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।”
গ্রেপ্তারের ঘটনায় এলাকায় কিছুটা স্বস্তি ফিরেছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। মদিনাপাড়ার এক প্রবীণ বাসিন্দা বলেন, “ঘটনার পর এলাকায় আতঙ্ক ছিল। একজন আসামি ধরা পড়ায় অন্তত মনে হচ্ছে বিষয়টা এগোচ্ছে।”
আরেক তরুণ বলেন, “সালমানের মতো শান্ত ছেলেকে যারা হত্যা করেছে, তারা যেন সবাই ধরা পড়ে—এটাই আমাদের দাবি।” এলাকাবাসী দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
NGS/MMH