
মনির খান স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়ায় স্বর্ণের দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, রুপা ও নগদ টাকা চুরির অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) উপজেলার লোহাগড়া থানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নারীর গলার চেইন ছিনিয়ে নেওয়ার সময় স্থানীয় লোকজন তাদের ধরে পুলিশের কাছে সোপর্দ করেন।
আটক দুই নারী হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধর্মপুর গ্রামের খোকন মিয়ার স্ত্রী হাবিবা আক্তার (২৪) এবং একই এলাকার আনোয়ার আলীর মেয়ে মরিয়ম খানম (৩০)।
ভুক্তভোগী শান্তি স্বর্ণকার (৬০) জানান, তিনি লোহাগড়া থানা মোড়ের উত্তর পাশে অবস্থিত ‘সজল জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকানের মালিক এবং প্রায় ৩৫ বছর ধরে স্বর্ণ ব্যবসা করছেন। সোমবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে দোকান খুলে স্বর্ণালংকারসহ একটি ব্যাগ নিজের বসার চেয়ারের ওপর রাখেন।
এ সময় তিন নারী ও দুই পুরুষ ক্রেতা সেজে দোকানে প্রবেশ করেন। তাদের মধ্যে দু’জন মেঝেতে টাকা পড়ে থাকার কথা বলে তাকে বিভ্রান্ত করেন। তিনি নিচে তাকালে সেই সুযোগে তারা স্বর্ণভর্তি ব্যাগটি নিয়ে দ্রুত সটকে পড়েন।
পরে তিনি দেখতে পান ব্যাগটি আর নেই। ওই ব্যাগে আনুমানিক ৩৫ ভরি স্বর্ণ, প্রায় ১০০ ভরি রুপা এবং নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা ছিল বলে তিনি জানান। ঘটনার পর আশপাশে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি।
এদিকে একই কৌশলে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এক নারীর গলার চেইন ছিনিয়ে নেওয়ার সময় স্থানীয় লোকজন দুই নারীকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় তাদের সঙ্গে থাকা হাসিনা বেগম নামে আরেক সহযোগী পালিয়ে যান বলে আটক নারীরা জানিয়েছে।
পুলিশ জানায়, আটক দুই নারী একটি সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় চুরি ও প্রতারণার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় শান্তি স্বর্ণকার লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।