
খুলনার শিববাড়ী মোড়ে নৌবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ ট্রাফিক অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) রাত ৯টা থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে ছিল গুরুত্বপূর্ণ সড়কগুলো।
অভিযানে মোট ২১০টি মোটরসাইকেল ও ১৪টি প্রাইভেট কার তল্লাশি করা হয়। এর মধ্যে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১৪টি মামলা দেওয়া হয় এবং ৩টি মোটরসাইকেল ও ১টি সিএনজি আটক করা হয়।
অভিযান চলাকালে শিববাড়ী মোড় ও আশপাশের এলাকার নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক ছিল। ট্রাফিক আইন মানার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের ফলে সাধারণ নাগরিকদের মধ্যে নিরাপত্তার অনুভূতি বাড়ে এবং অসাধু যানবাহন চালকদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।