
নিজস্ব প্রতিবেদক, শৈলকুপা
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নাগপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষক বাবলু শেখের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আগুনের তীব্রতায় ঘরের আসবাবপত্র, খাদ্যশস্য ও প্রয়োজনীয় মালামালসহ পরিবারের দীর্ঘদিনের জমানো সব সম্পদ ভস্মীভূত হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের সূত্রপাতের পর মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, পরিবারের সদস্যরা কেবল প্রাণ নিয়ে ঘর থেকে বের হতে সক্ষম হন।
খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে অংশ নেয় শৈলকুপা আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা। দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বসতঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ঘটনার খবর পেয়ে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় ইউএনও ক্ষতিগ্রস্ত পরিবারকে জরুরি সহায়তা হিসেবে চাল, কম্বলসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী প্রদানের ব্যবস্থা করেন। পাশাপাশি সরকারিভাবে আরও সহায়তা প্রদানের আশ্বাস দেন।
ইউএনও মাহফুজুর রহমান বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের দায়িত্ব। সরকারিভাবে যে সহায়তা দেওয়া সম্ভব, তা দ্রুত নিশ্চিত করা হবে।”
স্থানীয়রা ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর দ্রুত ও সমন্বিত উদ্যোগ এবং উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক সহায়তাকে ইতিবাচক হিসেবে দেখছেন।