
নিজস্ব প্রতিবেদক
খুলনা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন) ঝুমুর বালার বিরুদ্ধে রাষ্ট্রীয় শোক দিবস ও সরকার ঘোষিত সাধারণ ছুটি উপেক্ষার অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সংস্থাটির শ্রমিক ও কর্মচারীরা। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সব দপ্তরের কার্যক্রম বন্ধ রেখে ওয়াসা ভবনের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি চলে।
খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়ন ও শ্রমিকদের অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে এবং এর অংশ হিসেবে বুধবার সব সরকারি, আধা-সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়। কিন্তু ওই নির্দেশ অমান্য করে বুধবার খুলনা ওয়াসা ভবন খোলা রাখা হয়। অভিযোগ অনুযায়ী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ঝুমুর বালা সেদিন সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করেন এবং নিজেসহ কয়েকজন কর্মকর্তা সরকারি শোকবিধি অনুসরণ না করে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ কিংবা জাতীয় পতাকা অর্ধনমিত করেননি।
শ্রমিক-কর্মচারীরা আরও অভিযোগ করেন, শোক চলাকালেই গোপনে নিয়োগ বাণিজ্যের প্রক্রিয়া শুরু করা হয় এবং অফিসে উপস্থিতদের জন্য নগরীর একটি অভিজাত হোটেল থেকে খাবার আনা হয়। এসব ঘটনায় কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার সকালে খুলনা ওয়াসা ভবনে গিয়ে দেখা যায়, বুধবারের ঘটনার প্রতিবাদে প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন শ্রমিক ও কর্মচারীরা। সমাবেশে সভাপতিত্ব করেন কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কবির হোসেন। বক্তব্য দেন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জিএম আ. গফ্ফার, সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, দুলাল উদ্দিন খান এবং শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সদস্য সচিব এস এ মুকুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে এস এ মুকুল হোসেন বলেন, সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটি উপেক্ষা করে অফিস খোলা রাখা হয়েছে, যা চরম ঔদ্ধত্যের শামিল। তিনি অভিযোগ করেন, জানাজার সময় এখানে ‘ভুড়িভোজের’ আয়োজন করা হয়। পাশাপাশি দুর্নীতিবাজদের পদোন্নতি, রাজনৈতিক পরিচয়ে নিয়োগ, সাংবাদিকদের বাধা দেওয়া এবং যাচাই-বাছাই ছাড়াই কর্মচারী বাদ দেওয়ার অভিযোগও তোলেন তিনি। তাঁর দাবি, কোটি কোটি টাকার বিনিময়ে অবৈধ নিয়োগ দেওয়া হচ্ছে এবং সেগুলো বৈধ করতে বড় অঙ্কের অর্থ লেনদেন হয়েছে।
সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, সরকারি আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শোক দিবস উপেক্ষা করা হয়েছে। বুধবার সাধারণ ছুটি থাকা সত্ত্বেও অফিস চালু রেখে নিয়োগ বাণিজ্যে জড়ানোর অভিযোগে উপ-ব্যবস্থাপনা পরিচালক ঝুমুর বালার অপসারণ দাবি করেন তিনি।
বিক্ষোভের খবর পেয়ে বৃহস্পতিবার অনেক কর্মকর্তা অফিসে যাননি। অভিযুক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক ঝুমুর বালাও এদিন অফিসে উপস্থিত ছিলেন না।
এ বিষয়ে খুলনা ওয়াসার সচিব মাহেরা নাজনীন বলেন, বুধবার তিনি ছুটিতে ছিলেন এবং বিষয়টি সম্পর্কে অবগত নন। ব্যবস্থাপনা পরিচালক ঢাকায় মিটিংয়ে রয়েছেন; রোববার অফিসে ফিরলে বিষয়টি জানানো হবে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, বেলা ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
NGS/MMH