
শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরার উপকূলীয় জনপদ শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ৯টায় মহিলা কর্মীদের জন্য এবং দুপুর ২টায় পুরুষ কর্মীদের জন্য সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থান ছিল নকিপুর সরকারি এইচ.সি পাইলাট হাইস্কুল মাঠ প্রাঙ্গণ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্যাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, সাবেক এমপি ও জেলা কর্ম পরিষদ সদস্য গাজী নজরুল ইসলাম, মাওঃ আজিজুর রহমান, শেখ নুরুল হুদা, মাহবুবুল হক, প্রভাষক ওমর ফারুকসহ কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা জামায়াতে ইসলামী’র ভবিষ্যৎ লক্ষ্য ও কর্মপন্থা তুলে ধরেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান। তারা শ্যামনগর উপজেলার উন্নয়নের রূপরেখা তুলে ধরেন এবং সরকারের প্রতি অবহেলিত মানুষের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবী জানান। উল্লেখ্য, দীর্ঘ ১৬ বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।