
শ্যামনগর প্রতিনিধি: আল-হুদা মালী
শ্যামনগরের উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে শনিবার (৩০ আগস্ট) বেসরকারি গবেষণা ও উন্নয়নমূলক প্রতিষ্ঠান বারসিকের উদ্যোগে যুব সমাজকে সাইবার নিরাপত্তা বিষয়ে দক্ষ করার জন্য দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার।
২০০১ সাল থেকে বারসিক শ্যামনগর উপকূলীয় অঞ্চলে স্থানীয় প্রাণবৈচিত্র্য সংরক্ষণ, কৃষিপ্রাণবৈচিত্র্য সম্প্রসারণ এবং লোকায়ত জ্ঞানের ভিত্তিতে গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি যুব সমাজকে উপকূলের প্রাণ-প্রকৃতি, কৃষি পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় সম্পৃক্ত করে সচেতনতা ও আন্দোলনের কাজ করছে।
কর্মশালায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্লা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রশিক্ষক হিসেবে যুবদের সাইবার ঝুঁকি, প্রতিরোধ কৌশল এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার বিষয়সমূহে দিকনির্দেশনা দেন সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুল হক।
কর্মশালায় শ্যামনগরের ২৫টি যুব স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃস্থানীয় প্রতিনিধিরা অংশ নেন। তারা সাইবার নিরাপত্তার মৌলিক জ্ঞান অর্জন করেন এবং শিখেন কিভাবে নিজের সংগঠন, সমাজ ও জাতীয় পর্যায়ে নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলা যায়।
উৎসর্গ সোসাইটির গাজী আব্দুর রউফ, শ্যামনগর ব্লাড ব্যাংকের সাইফুদ্দিন সিদ্দিক, সিডিও মোঃ হাফিজ, শরুব ইয়ুথ টিমের জান্নাতুল নাঈম, নিরাপদ উপকূল চাই আন্দোলনের মোমিনুর রহমান, শ্যামনগর প্রেসক্লাবের আব্দুল আলিম, এসএসএসটির সাইদুল ইসলাম, যুব রেড ক্রিসেন্টের নুর নহার পারভীন, নকীপুর পাইলট স্কুলের শিক্ষার্থী আনিকা তাবাসসুম প্রমুখও কর্মশালায় উপস্থিত ছিলেন। বারসিকের আয়োজকরা জানিয়েছেন, এই ধরনের কর্মশালা যুব সমাজের ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে দক্ষতা বৃদ্ধি করার পাশাপাশি জাতীয় পর্যায়েও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সহায়ক হবে।