
শেখ নাসির উদ্দিন, খুলনা:
“আমরা একটি ন্যায়ভিত্তিক, প্রতিনিধিত্বশীল, শান্তিপূর্ণ ও শ্রমিকবান্ধব রাজনৈতিক সংস্কৃতি চাই। সেই পথের একমাত্র সমাধান হলো পিআর ভিত্তিক নির্বাচন। শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকেই ক্ষমতায় আনতে হবে।”
এ মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ও খুলনা–৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল আউয়াল। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নগরীর খালিশপুর পিপলস গোলচত্বরে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
তিনি বলেন, “বর্তমান সংখ্যাগরিষ্ঠতাভিত্তিক নির্বাচনী পদ্ধতিতে জনগণের প্রকৃত মতামত সংসদে প্রতিফলিত হয় না। এতে রাজনীতিতে বৈষম্য, অস্থিরতা ও অন্যায় প্রভাব বিস্তার পায়। জনগণের ভোটের অনুপাতে আসন বণ্টনই গণতান্ত্রিক ও ন্যায়সংগত পদ্ধতি।” তিনি আরও বলেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোটের মূল্য সংরক্ষিত থাকবে, ছোট ও নতুন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত হবে, জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা বৃদ্ধি পাবে।” মাওলানা আউয়াল জুলাই সনদের আইনি স্বীকৃতি ও গণভোটের দাবিও পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “জাতীয় নির্বাচনের আগে জনগণের মতামত যাচাইয়ের জন্য নভেম্বরে গণভোট অনুষ্ঠিত হওয়া জরুরি।”
বিশেষ অতিথি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুফতি মুহিবুল্লাহ কাজেমী বলেন, “ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া কখনোই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি রাষ্ট্র গঠন করতে চায়, যেখানে মানুষ ও কুকুর খাদ্যের জন্য লড়াই করবে না, মালিক–শ্রমিক দ্বন্দ্ব থাকবে না।” তিনি খুলনার খালিশপুরের বন্ধ মিল–কারখানাগুলো অবিলম্বে চালু করে শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবি জানান। প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা মহানগরের সভাপতি এস. এম. আবুল কালাম আজাদ, এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. পলাশ শিকদার।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ জিহাদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সিনিয়র সহসভাপতি শেখ মো. নাসির উদ্দিন, জেলা সহসভাপতি শেখ হাসান ওবায়দুল করিম, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, খালিশপুর থানার সভাপতি হাফেজ আব্দুল লতিফ, মাওলানা নুরুজ্জামান, ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম নাসিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তব্য রাখেন শ্রমিক আন্দোলন মহানগরের সিনিয়র সহসভাপতি মোল্যা রবিউল ইসলাম তুষার, মো. আব্দুল মান্নান সরদার, মৌলভী মো. আল–আমিন গাজী, মো. শাহিন খান, আবুল কাশেম, আবু হানিফ, মাওলানা আব্দুল্লাহ, ফজলুর রহমান, মো. মনির শেখ, মাওলানা সোহরাফ হোসেন, কে. এম. রশিদ আহম্মেদ, মো. ইলিয়াস হোসেন সুজন প্রমুখ।সমাবেশ শেষে একই স্থানে বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়।