
মনির খান, স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়া উপজেলার চাচই গ্রামে ঈদের দিন বিকেলে কচু চুরিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। সংঘর্ষে জড়ায় স্থানীয় ফকির ও মোল্লা গ্রুপ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন বিকালে কচু চুরি নিয়ে ফকির গ্রুপের সঙ্গে মোল্লা গ্রুপের প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফকির গ্রুপের ফিরোজ ফকিরের ছেলে হামিম, সাবান ফকিরের ছেলে ফায়িন, এবং মৃত তোতা মিয়ার ছেলে ইউসুবসহ ৫-৭ জন লাঠিসোঁটা নিয়ে মোল্লা গ্রুপের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে গুরুতর আহত হন ইসলাম মোল্যা, মোরাদ ও ফারুক হাসানসহ চারজন।
ঘটনার পরপরই লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, “ঘটনার তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে ভুক্তভোগী পরিবারগুলো অভিযোগ প্রস্তুত করছে বলে জানা গেছে। ঈদের দিনে এমন ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।