
আরিফুজ্জামান সাগর বিশেষ প্রতিনিধি
ঢাকা, ১২ এপ্রিল ২০২৬ (রবিবার): বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে আজ ঢাকা সেনানিবাসস্থ সেনাপ্রাঙ্গণ মিলনায়তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি-এর দরবার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানস্থলে পৌঁছালে মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানগণ এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার।
দরবারে মাননীয় প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, দেশের সার্বিক নিরাপত্তা রক্ষা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে ২০২৪ সালের আগস্ট পরবর্তী সময় থেকে অদ্যাবধি দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি।
এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর ভবিষ্যৎ সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং জাতীয় উন্নয়নে আরও কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে সরকারের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
পরিশেষে তিনি সশস্ত্র বাহিনীর সকল সদস্যদের দল-মতের ঊর্ধ্বে থেকে দেশকে ধারণ করা, দেশের সার্বভৌমত্ব ও সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, জনগণের আস্থা অটুট রাখা এবং সততা, শপথ ও ত্যাগের মাধ্যমে দেশসেবায় অঙ্গীকারবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। দেশের অন্যান্য স্থানে অবস্থানরত সদস্যগণ ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন।