
শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা)।
সাতক্ষীরার পাটকেলঘাটা কুমিরায় শুক্রবার (২৫ এপ্রিল) সড়ক দুর্ঘটনায় মা ও শিশু নিহত হয়েছেন। বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি দূরপাল্লার বাস চাপায় এই দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও দুইজন।
নিহতরা হলেন রিতা সাধু (২৬) এবং তার শিশু ছেলে সৌরভ সাধু (২)। আহতদের মধ্যে রয়েছেন রিতার স্বামী অপূর্ব সাধু (৩৫) এবং মেয়ে সুমি সাধু (৫)। তারা খুলনার কপিলমুনি এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, অপূর্ব সাধু তার পরিবারের সদস্যদের নিয়ে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি কেশবপুরের সাগরদাড়ি যাচ্ছিলেন। পথে পাটকেলঘাটার কুমিরায় ঢাকা থেকে সাতক্ষীরা লাইন পরিবহন নামক একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে রিতা ও তার ছেলে সৌরভ মারা যান, এবং অপূর্ব ও সুমি আহত হন।
পাটকেলঘাটা থানা পুলিশ জানায়, সাগরদাড়ি রোডে বাসটি প্রথমে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে এবং বাসটি তাদের ওপর দিয়ে চলে যায়, ফলে রিতা ও তার শিশু ছেলেটি ঘটনাস্থলে নিহত হন। আহতদের চিকিৎসা চলছে।