
স্টাফ রিপোর্টার
সাভারের আশুলিয়ায় বিয়ের প্রলোভনে ভাড়াটিয়াকে একাধিকবার ধর্ষণের অভিযোগে বাড়ির ম্যানেজার মাহবুবুর রহমান গিয়াস (৪৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর থানাধীন কাউলতিয়া এলাকা থেকে র্যাব-১ এর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত গিয়াস গাজীপুরের কাউলতিয়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে। তিনি আশুলিয়ার নবীনগর এলাকার একটি ভাড়া বাড়ির ম্যানেজার হিসেবে কাজ করছিলেন।
মামলার এজাহারে বলা হয়, দুই বছর আগে ভুক্তভোগী নারী ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে ওঠেন। সেখানেই গিয়াসের সঙ্গে তার পরিচয় থেকে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সম্পর্কের জের ধরে গিয়াস বিয়ের প্রলোভন দিয়ে ভুক্তভোগীকে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন। সর্বশেষ গত ১৭ জুলাই রাতে একইভাবে বিয়ের আশ্বাস দিয়ে ভুক্তভোগীকে ধর্ষণ করেন।
পরে বিয়ের জন্য চাপ দিলে গিয়াস স্পষ্ট জানিয়ে দেন যে তিনি তাকে বিয়ে করবেন না এবং উল্টো হুমকি দেন। এ ঘটনায় ভুক্তভোগী আশুলিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আসামি তার বাড়িতে অবস্থান করছে। পরে র্যাব-১ এর সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।” এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।