
বাংলাদেশ সেনাবাহিনীর সেনা নং-৪০৫৭৩৪৪, সৈনিক মাসুম বিল্লাহ (২৯), ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে (১১ ইবি) কর্মরত এবং সাভার সেনানিবাসে দায়িত্ব পালনরত অবস্থায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি প্রায় ১১ বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তার বাড়ি নড়াইল জেলার নড়াগাতী থানার তেলিডাঙ্গা গ্রাম।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে তীব্র মাথাব্যথা, জ্বর ও বমিজনিত সমস্যা নিয়ে তিনি পিকআপযোগে সাভার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আসেন। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের মেডিকেল ওয়ার্ডে ভর্তি করেন।
পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ, ২৫ আগস্ট, সকাল আনুমানিক ০৬৫০ ঘটিকায় তিনি হৃদ্রোগজনিত আকস্মিক জটিলতায় মৃত্যুবরণ করেন বলে জানা গেছে। পরে সকাল আনুমানিক ০৭৫০ ঘটিকায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানা যায়, মাথাব্যথা, জ্বর ও বমিজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেও চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত হৃদ্যন্ত্রের জটিলতায় তার মৃত্যু হয়।
মাত্র ২৯ বছর বয়সে এবং দীর্ঘ প্রায় ১১ বছরের সামরিক কর্মজীবনের পর সৈনিক মাসুম বিল্লাহর আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।