
শাহিনুর আক্তার, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর বেলাবোয় ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বাজার, সড়ক ও জনসমাগমস্থলের আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হচ্ছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বেলাবো উপজেলা পরিষদ চত্বরে এ অভিযানের কার্যক্রম শুরু হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাইলাতুল হোসেন ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।
অভিযানের অংশ হিসেবে বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, পরিত্যক্ত পাত্র ও টায়ারসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়। পরে উপজেলা পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, বাজনাব গার্লস স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক, বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ বেলাল হোসেন, বেলাবো উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধে এ পরিচ্ছন্নতা অভিযান তিন মাসব্যাপী চলবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, এ জন্য সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন।
তিনি বলেন, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে আছে কি না, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। জ্বরসহ ডেঙ্গুর কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্যও তিনি আহ্বান জানান।
প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় বেলাবো উপজেলাকে ডেঙ্গুর ঝুঁকি থেকে নিরাপদ রাখতে এ পরিচ্ছন্নতা অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।