
মোঃ শহিদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কার্যক্রমকে আধুনিক, জনবান্ধব ও টেকসই করতে সিএমপি’র প্রয়োজনীয় স্থাপনা নির্মাণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) আওতাধীন জমি বরাদ্দ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ জুলাই) সকালে দামপাড়া পুলিশ লাইন্সের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার মোঃ হাসিব আজিজ। সভায় সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল করিমসহ সিডিএ ও সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিশনার মোঃ হাসিব আজিজ বলেন, “চট্টগ্রাম একটি বাণিজ্যিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নগরী। এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আধুনিক অবকাঠামো অপরিহার্য। অপরাধ নিয়ন্ত্রণ, দুর্যোগ মোকাবিলা ও জননিরাপত্তায় ধারাবাহিক পুলিশ কার্যক্রম পরিচালনার জন্য সুনির্দিষ্ট জমিতে স্থায়ী পুলিশ স্থাপনা নির্মাণ সময়ের দাবি।”
তিনি আরও বলেন, “নগরের ক্রমবর্ধমান জনসংখ্যা এবং অপরাধপ্রবণতা বিবেচনায় পুলিশের আধুনিক কার্যক্রম পরিচালনার জন্য থানাভবন, ফাঁড়ি, পুলিশ বক্স, ডাম্পিং স্টেশন ইত্যাদি অবকাঠামো গড়ে তোলা জরুরি।”
যৌথ সমন্বয়ের ওপর গুরুত্ব:
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (অর্থ ও প্রশাসন) মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আসফিকুজ্জামান আকতার (বিপিএম), সিডিএর বিভিন্ন স্তরের প্রতিনিধি এবং সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় চট্টগ্রাম নগরবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, সরকারের চলমান উন্নয়ন প্রকল্পে সহযোগিতা এবং জনগণের স্বার্থে আইন-শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সিডিএ ও সিএমপি’র মধ্যে যৌথ উদ্যোগ ও সমন্বিত কার্যক্রমের ওপর জোর দেওয়া হয়।
উভয় পক্ষ চট্টগ্রাম মহানগরে সিএমপি’র স্থাপনা নির্মাণে জমি বরাদ্দের অগ্রগতি এবং বাস্তবায়নের সম্ভাব্য রূপরেখা নিয়েও বিস্তারিত আলোচনা করেন।