
নড়াইল, ১৩ এপ্রিল: রাজধানীর শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় করা মামলার প্রধান আসামি মো. মঈন উদ্দিনকে (৪২) নড়াইল থেকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সোমবার ভোরে জেলার কালিয়া উপজেলার দাদনতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
র্যাব-৬ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর সিপিসি-৩ ক্যাম্পের একটি দল সকাল ছয়টার দিকে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মঈন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই মামলার এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঈন উদ্দিনসহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে ভুক্তভোগীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। গত ১০ এপ্রিল সকালে তাঁরা শ্যামলীতে বাদীর বাসায় গিয়ে চাঁদা দাবি করেন। এ সময় বাদী টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় সিকেডি হাসপাতালের অপারেশন থিয়েটারের ইনচার্জ মো. আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মঈন উদ্দিনসহ অজ্ঞাতনামা সাত থেকে আটজনকে আসামি করে মামলা করেন। র্যাব জানায়, গ্রেপ্তার মঈন উদ্দিনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য শেরেবাংলা নগর থানায় হস্তান্তরের উদ্দেশ্যে ঢাকায় পাঠানো