
আল-হুদা মালী, শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার পশ্চিম সুন্দরবন রেঞ্জের বাদুজুলি খালের গাছের ডাল থেকে এক বৃদ্ধা নারীকে উদ্ধার করেছে দুই কাঁকড়া শিকারি জেলে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের ফজের খাঁর ছেলে আলমগীর ও তার সঙ্গী রহমান গাজী তাকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৬৫ বছর। তার নাম শুকুরুন নেছা, স্বামীর নাম গফফার, এবং ছেলের নাম রফিকুল বলে জানিয়েছেন তিনি। তবে এর বাইরে কিছুই বলতে পারছেন না, যা থেকে ধারণা করা হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন।
কাঁকড়া শিকারি আলমগীর ও রহমান খাঁ জানান, কাঁকড়া ধরার পর ফেরার পথে বাদুজুলি খালের পাশে একটি গাছের ডালে ওই বৃদ্ধাকে শুয়ে থাকতে দেখেন। পরে তারা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান এবং বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানান।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জি এম মাছুদুল আলম বলেন, “বৃদ্ধা নারী কীভাবে গভীর সুন্দরবনের ভেতরে চলে গেলেন, এটি রহস্যজনক। বর্তমানে তাকে নিরাপদ স্থানে রাখা হয়েছে এবং সুস্থ করে তোলার চেষ্টা চলছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।”