
হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি।
সুন্দরবনের শিবসা নদীতে কোস্টগার্ডের অভিযানে ২৫ কেজি হরিণের মাংসসহ ৫ জন হরিণ শিকারীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন মো. ইমরান গাজী (২৪), আবদুর রহিম (৪৩), রোকন উজ জামান (৩৫), আবু মুসা (৩৬), এবং মো. মামুন (৩৫)। এরা সবাই খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা।
বুধবার (১২ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১২ মার্চ বিকেল ৪ টায় কোস্টগার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনের শিবসা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি কাঠের বোট তল্লাশি করে ২৫ কেজি হরিণের মাংস এবং হরিণ শিকারের ৮০টি ফাঁদসহ ৫ জন শিকারীকে আটক করা হয়। জব্দকৃত হরিণের মাংস, শিকারের ফাঁদ এবং কাঠের ডিঙ্গি নৌকাসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হড্ডা ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের অধীনস্ত এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, বন্যপ্রাণী রক্ষা, জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তার পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও চালানো হবে।