
নিজস্ব প্রতিবেদক
গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কুখ্যাত হান্নান বাহিনীর ৭ সদস্যকে অস্ত্রসহ আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন। অভিযানটি পরিচালনা করেন কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহমুদ।
২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে পাওয়া তথ্য অনুযায়ী, হান্নান বাহিনী ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনের দিকে যাচ্ছে। এরপর বাগেরহাটের রামপাল খেয়াঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড অভিযান চালিয়ে বাহিনীপ্রধান মোঃ হান্নান শেখসহ ৬ জনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রামপাল থানাধীন বাঁশতলী এলাকা থেকে মোঃ হাবিবুর রহমানকে ২টি একনলা বন্দুক ও ৩টি রামদাসহ আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় অপহরণ, চাঁদাবাজি ও ডাকাতি চালিয়ে আসছিল এবং তাদের মাসিক ৪০ হাজার টাকা করে দেওয়া হতো।
আটক জলদস্যুরা হলেন: মোঃ হান্নান শেখ (৬৫), মোঃ রেজাউল শেখ (৫৩), শেখ মোঃ কামাল উদ্দিন (৫৪), সুরত মল্লিক (৪৭), মোঃ আবু তালেব খান (৪৭), মোঃ হোসেন আলী শেখ (৫৫) ও মোঃ হাবিবুর রহমান (৫৫)—তারা খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা।
জব্দকৃত অস্ত্রসহ আটক জলদস্যুদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।