
নিজস্ব প্রতিবেদক
সুন্দরবনে বিশেষ যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বড় জাহাঙ্গীর বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সদস্যদের নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকার সুযোগে একটি অসাধু চক্র পুনরায় সুন্দরবনে সক্রিয় হওয়ার চেষ্টা চালায়। তবে সুন্দরবনকে দস্যুমুক্ত রাখার লক্ষ্যে কোস্ট গার্ড ইতোমধ্যে বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করেছে।
এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টায় কোস্ট গার্ড বেইস মোংলা, আউটপোস্ট নলিয়ান, স্টেশন কয়রা এবং পুলিশের সমন্বয়ে কয়রা থানাধীন নারায়ণপুর এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সুন্দরবনের কুখ্যাত বড় জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য আফজাল সরদার (৩২) কে আটক করা হয়।
পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সকাল ১১টায় মোংলা থানাধীন পাশাখালী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১টি শটগান, ১টি একনলা বন্দুক, ২১ রাউন্ড তাজা কার্তুজ এবং ১টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। নির্বাচন-পরবর্তী সময়ে কোস্ট গার্ডের নেতৃত্বে সুন্দরবনে যৌথ অভিযান শুরু হলে আতঙ্কিত হয়ে আফজাল সরদার এসব অস্ত্র ও গোলাবারুদ পুঁতে রেখে কয়রার নারায়ণপুর এলাকায় আত্মগোপন করেন বলে জানা গেছে।
আটক আফজাল সরদার খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বড় জাহাঙ্গীর বাহিনীর সঙ্গে ডাকাতি এবং অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহে জড়িত ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে কয়রা ও ডুমুরিয়া থানায় মোট পাঁচটি মামলা রয়েছে বলেও জানা গেছে।
আটক ব্যক্তি ও জব্দকৃত অস্ত্র-গোলাবারুদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।