
হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের মোংলায় তিন দিন পর নিখোঁজ এক নারী পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সুন্দরবনে ভ্রমণ শেষে ফেরার পথে দাকোপ উপজেলার ঢাংমারী নদীতে পর্যটকবাহী একটি বোট উল্টে যাওয়ার ঘটনায় তিনি নিখোঁজ ছিলেন।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। তিনি জানান, গত শনিবার (৮ নভেম্বর) ১৪ জন পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণের উদ্দেশ্যে একটি জালি বোটে করে যাত্রা করেন। দুপুর ১টার দিকে বোটটি ঢাংমারী খাল সংলগ্ন এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ের মুখে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় নৌযানের সহায়তায় ১৩ জন পর্যটককে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এক নারী পর্যটক নিখোঁজ ছিলেন।
পরে কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া থেকে দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান অভিযান শুরু করে। টানা তিন দিনের অনুসন্ধানের পর সোমবার সকাল ৭টার দিকে মোংলার সাইলো জেটি সংলগ্ন নদীতে ভাসমান অবস্থায় নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত মৃতদেহ চাঁদপাই নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা। তিনি আরও বলেন, “পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার ও তৎপরতা অব্যাহত থাকবে।”