
হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি
মোংলা কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুর্ধর্ষ বনদস্যু হান্নান বাহিনীর প্রধান হান্নান শেখসহ ৭ জনকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে।
গোয়েন্দা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় হান্নান বাহিনী চাঁদাবাজি, অপহরণ ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল। গত ২৬ ফেব্রুয়ারি বাহিনীটি ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনে প্রবেশের পরিকল্পনা করে। এ তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড একটি দল রাতভর বাগেরহাটের রামপাল খেয়াঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বাহিনী প্রধান হান্নান শেখসহ পাঁচ সহযোগীকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রামপাল থানাধীন বাঁশতলী এলাকা থেকে মো. হাবিবুর রহমানকে ২টি একনলা বন্দুক ও ৩টি রামদাসহ আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, হান্নান বাহিনীর সদস্যদের মাসিক ৪০ হাজার টাকা প্রদান করা হতো। আটককৃতদের মধ্যে রয়েছেন— মো. হান্নান শেখ (৬৫), মো. রেজাউল শেখ (৫৩), শেখ মো. কামাল উদ্দিন (৫৪), সুরত মল্লিক (৪৭), মো. আবু তালেব খান (৪৭), মো. হোসেন আলী শেখ (৫৫) এবং মো. হাবিবুর রহমান (৫৫)। তাদের বাড়ি খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।
জব্দকৃত অস্ত্রসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহমুদ নিশ্চিত করেছেন।