
তেরখাদা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার এবং অপরাধ দমনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২ ফেব্রুয়ারি ২০২৬) নৌবাহিনীর মোতায়েনকৃত কন্টিনজেন্ট দেশের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে অবৈধ দেশি ও বিদেশি অস্ত্র এবং গোলাবারুদসহ দুইজনকে আটক করেছে।
নৌবাহিনী সূত্র জানায়, ভোলা সদরে মোতায়েনকৃত নৌ কন্টিনজেন্ট গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে ভোলা জেলার ধনিয়া ইউনিয়নের বালিয়াকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বরকন্দাজ জামে মসজিদ সংলগ্ন একটি টিনের ঘর থেকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী জামাল উদ্দিন ওরফে সকেট জামালের ঘনিষ্ঠ সহযোগী সেলিম কাজী ও মো. হাসানকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে একটি একনলা দেশীয় পাইপগান, একটি একনলা বন্দুক, দুটি দেশীয় অস্ত্র, শর্টগানের তিন রাউন্ড কার্তুজ, বারো রাউন্ড তাজা গোলা এবং একটি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়।
অপরদিকে মহেশখালীতে মোতায়েনকৃত নৌ কন্টিনজেন্ট কালারমারছড়া ইউনিয়নের পানেরছড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে দুটি দেশীয় একনলা বন্দুক, একটি তাজা কার্তুজ এবং ছয়টি দেশীয় অস্ত্র উদ্ধার করে। অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী জানায়, দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে মাদক, সন্ত্রাস ও সকল প্রকার অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পাঁচ হাজারের বেশি নৌ সদস্য মাঠপর্যায়ে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।