
তেরখাদা প্রতিনিধি, ৩০ জুলাই ২০২৫:
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। বুধবার (৩০ জুলাই) ‘কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল’-এর তত্ত্বাবধানে এবং ‘ফরওয়ার্ড বেইজ সেন্টমার্টিন’-এর সার্বিক ব্যবস্থাপনায় শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, দুর্যোগের ফলে দ্বীপবাসীর স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। পর্যটননির্ভর অর্থনীতি থমকে যাওয়ায় অনেক পরিবারই আর্থিক সংকটে পড়ে এবং খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অভাবে দিন কাটাচ্ছে। বাংলাদেশ নৌবাহিনীর প্রধানের দিকনির্দেশনায় এ অবস্থায় মানবিক সহায়তা হিসেবে জরুরি ত্রাণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়।
ত্রাণসামগ্রী পেয়ে দ্বীপের সাধারণ মানুষ আনন্দিত ও কৃতজ্ঞ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অনেকেই বলেন, “এই দুঃসময়ে নৌবাহিনীর সহায়তা আমাদের অনেকটাই স্বস্তি দিয়েছে।” বাংলাদেশ নৌবাহিনী শুধু দেশের সমুদ্রসীমা রক্ষাতেই নয়, দুর্যোগ ও দুর্দশার সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমেও নিয়মিত মানবিক ভূমিকা রেখে চলেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।