
আরিফুজ্জামান সাগর বিশেষ প্রতিনিধি
ঢাকা, ৫ নভেম্বর ২০২৫ (বুধবার) – চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলের বিদ্যমান সাংগঠনিক কাঠামোর অধীনে ‘স্কুল অব আর্মি এয়ার ডিফেন্স’ এর স্বতন্ত্র কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গত ৪ নভেম্বর কমান্ড্যান্ট, আর্টিলারি সেন্টার ও স্কুল অনুষ্ঠানে এই যাত্রার সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়েছে, নতুন প্রতিষ্ঠানটি বাংলাদেশ সেনাবাহিনীতে আর্মি এয়ার ডিফেন্স ব্যবস্থার পেশাদার প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতের এয়ার ডিফেন্স অফিসার ও সৈনিকদের উন্নততর প্রশিক্ষণ নিশ্চিত করাই মূল উদ্দেশ্য।
এ প্রতিষ্ঠানের মাধ্যমে সেনাবাহিনীর আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর রূপান্তর আরও দৃঢ় হবে। ‘স্কুল অব আর্মি এয়ার ডিফেন্স’ এখন একটি স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান হিসেবে পেশাদার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এটি বাংলাদেশ সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।