
শিপন মিয়া, ঝিনাইদহ
“স্মার্ট সমাজ, স্মার্ট সংগঠন”—এই স্লোগান সামনে রেখে ঝিনাইদহ সদর উপজেলার ৬নং গান্না ইউনিয়নের তরুণদের মানবিক সংগঠন স্বপ্নচারী ফাউন্ডেশন অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সম্প্রতি সংগঠনটি সহায়তা করেছে স্ট্রোকজনিত রোগে আক্রান্ত এক মাদ্রাসা শিক্ষককে, যার জীবন থমকে গিয়েছিল অভাব-অনটন ও শারীরিক দুর্বলতায়।
ভুক্তভোগী হাফেজ মাওলানা মুহাম্মদ ইব্রাহিম হোসেন, আলামপুর বায়তুল উলুম কওমি মাদ্রাসার শিক্ষক। ২০২৩ সালের জানুয়ারিতে তিনি স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে কিছুটা সুস্থ হয়ে পুনরায় মাদ্রাসায় যোগ দেন, কিন্তু শারীরিক দুর্বলতা ও জীবনযুদ্ধে টিকে থাকার চাপ তাঁর সমস্ত শক্তি নিঃশেষ করে দেয়। সংসারের চাপে দিশেহারা এই শিক্ষক জীবিকার জন্য যখন দিশেহারা, তখনই পাশে দাঁড়ায় স্বপ্নচারী ফাউন্ডেশন।
সংগঠনের সভাপতি সাইদুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক মাজেদুল হক এবং মানবকল্যাণ সংঘের সভাপতি সজীব হোসেনের উদ্যোগে মাদ্রাসার পাশেই একটি দোকান করে দেওয়ার ব্যবস্থা করা হয়। ফাউন্ডেশনের পক্ষ থেকে ওই দোকানে প্রায় ৫০টি প্রয়োজনীয় আইটেম দিয়ে ব্যবসা শুরু করতে সহায়তা করা হয়। মানবিক এই সহায়তা ইব্রাহিম হোসেনের জীবনে এক নতুন আশার আলো হয়ে আসে।পস
এই সহায়তার সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাইদুর রহমান সবুজ ও সাধারণ সম্পাদক মাজেদুল হক। মালামাল হস্তান্তরের সময় শিক্ষক ইব্রাহিম হোসেন আবেগে অভিভূত হয়ে পড়েন। তিনি জানান, “এই সহযোগিতা না পেলে হয়তো আর কোনো পথ খুঁজে পেতাম না। এখন আল্লাহর রহমতে আবার জীবন শুরু করতে পারবো।”
এদিকে স্থানীয় এলাকাবাসী স্বপ্নচারী ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং অন্যান্য সংগঠনগুলোকেও এমন মানবিক কাজের আহ্বান জানিয়েছে।