
শেখ ফসিয়ার রহমান, নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক নারী ও অ্যাম্বুলেন্সচালক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত দম্পতির ছেলে, যিনি পুলিশের উপ-পরিদর্শক (এসআই),সহ আরও পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে নড়াইল সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের বাদশার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন যশোর জেলার কোতোয়ালি উপজেলার মাহিদিয়া গ্রামের ইসমাইল মোল্যার স্ত্রী জাহানারা বেগম এবং লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার পূর্ব চর কলাকোপা গ্রামের আব্দুল হাসিমের ছেলে আকবার হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল মোল্যা (৬০) ঢাকার পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৪টার দিকে মারা যান। পরে সকাল ৬টার দিকে তার মরদেহ নিয়ে স্বজনরা একটি অ্যাম্বুলেন্সে যশোরের উদ্দেশ্যে রওনা দেন।
পথিমধ্যে সকাল সাড়ে ৮টার দিকে নড়াইল সদর উপজেলার বাদশার গ্যারেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহানারা বেগম নিহত হন।
দুর্ঘটনায় নিহত দম্পতির ছেলে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের মোল্যাসহ আরও পাঁচজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অ্যাম্বুলেন্সচালক আকবার হোসেনকে মৃত ঘোষণা করেন। স্বামীর মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই স্ত্রীর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় জড়িত বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”