
শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)
খুলনায় স্বাস্থ্য পরিচর্যা, জেন্ডার সমতা, পাচার রোধ, রোড সেফটি ও মাদকবিরোধী সচেতনতা নিয়ে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় হোটেল গ্র্যান্ড প্লাসিড-এ এনজিও নবলোক ও দাতা সংস্থা ওয়াটারএইড-এর যৌথ আয়োজনে এই কর্মশালার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নবলোক পরিষদের সহকারী পরিচালক ফাহিদা সুলতানা। প্রধান অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জুলফিকার আলী হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনূর জাহান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দীকা এবং জেলা শিক্ষা কর্মকর্তা ছাঈদুর রহমান। এছাড়া খুলনা সিটি করপোরেশনের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শহরের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কিছু অভিভাবক-শিক্ষার্থী এবং সাংবাদিকরা অংশ নেন।
২০০৫ সাল থেকে নবলোক ও আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড খুলনা সিটি করপোরেশন ও পাইকগাছা পৌরসভা এলাকায় নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত পায়খানা ও ইতিবাচক স্বাস্থ্যচর্চা নিয়ে কাজ করছে। প্রকল্পের আওতায় নারী, শিশু, প্রবীণ ও ভিন্নভাবে সক্ষমদের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, স্কুলে মেয়েদের জন্য আলাদা কক্ষ ও ঋতুকালীন ব্যবস্থাপনা নারীস্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিটি স্কুলে ব্যক্তিগত পরিচ্ছন্নতা রক্ষায় একজন নারী শিক্ষককে দায়িত্ব দেয়া প্রয়োজন। তাঁরা আরও বলেন, কন্যাশিশুর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্র পরিবর্তনের পথ তৈরি হবে।অতিথিরা কিশোর-কিশোরীদের মোবাইল ব্যবহারে সচেতন হওয়ার পরামর্শ দেন এবং ব্যক্তিগত ও পরিবেশগত পরিচ্ছন্নতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।