
শেখ নাসির উদ্দিন, খুলনা:
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের উদ্যোগে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৪টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি কার্যালয়ের সামনে এক বর্ণাঢ্য মিছিল-পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মহানগর সভাপতি ও খুলনা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুফতী আমানুল্লাহ এবং সঞ্চালনা করেন নগর সেক্রেটারি মুফতী ইমরান হুসাইন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের নায়েবে আমীর ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল। তিনি বলেন, ৫ আগস্ট আমাদের জাতীয় জীবনে এক চিরঅম্লান স্মৃতি। দীর্ঘ দেড় যুগের ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের একটি সফল পরিণতি এসেছিলো এই দিনে। রক্তে রঞ্জিত এই দিন আমাদের স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের অঙ্গীকারে উজ্জীবিত করে। একমাত্র আইনি ও নীতিগত সংস্কারের মাধ্যমেই এই ব্যাধি চিরতরে নির্মূল করা সম্ভব।
তিনি আরও বলেন, এই দিনটি কেবল ক্ষমতা পরিবর্তনের প্রতীক নয়, এটি জনতার ঐক্য, সংহতি ও আদর্শিক সংগ্রামের ফল। জনগণ রক্ত দিয়েছিলো যেন রাষ্ট্রে ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও মানবিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা হয়। তাই প্রয়োজন জাতীয় ঐক্য এবং সুসংহত আইনি কাঠামো।
সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মাও. অধ্যাপক আব্দুল্লাহ ইমরান, মহানগর সিনিয়র সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, প্রচার সম্পাদক মো. তরিকুল ইসলাম কাবির, দপ্তর সম্পাদক মেহেদী হাসান সৈকত, অর্থ ও প্রকাশনা সম্পাদক হুমায়ুন কবির, আইন সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেনসহ দলীয় অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
নগর সভাপতি মুফতী আমানুল্লাহ বলেন, বাংলাদেশের মানুষ আজ নতুন সূর্যোদয়ের অপেক্ষায়। তারা চায় একটি ন্যায্য, মানবিক এবং ইসলামি মূল্যবোধভিত্তিক রাষ্ট্র। আজকের গণমিছিল কোনো দলের বিরুদ্ধে নয়; বরং এটি একটি আদর্শিক অবস্থান। যারা দেশের অর্থনীতি ধ্বংস করেছে, গুম-খুন চালিয়েছে, ইসলাম ও ঈমান নিয়ে উপহাস করেছে — এই প্রতিবাদ তাদের বিরুদ্ধে। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।