
নিজস্ব প্রতিবেদক
হরিণাকুণ্ডু উপজেলা প্রতিনিধি: হরিণাকুণ্ডু উপজেলার ৭ নম্বর রঘুনাথপুর ইউনিয়নের ভবিতপুর এলাকায় রাস্তার কিনারায় অনুমতি ছাড়া মাটি উত্তোলন ও পরিবহন করায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এ অভিযানে স্থানীয় তিনজনকে জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্টের মাধ্যমে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ড থানার ভবিতপুর গ্রামের মনোয়ার হোসেন এর ছেলে মোঃ রাজন (২৭), কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর ৭(১) ও ১৫ ধারায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন হরিণাকুণ্ডু সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। এ সময় হরিণাকুণ্ডু থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ শামীম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
ভূমি কর্মকর্তা বলেন “এ ধরনের অভিযান স্থানীয় সম্পদের অবৈধ ব্যবহারের বিরুদ্ধে কঠোর বার্তা প্রদান করে। অনুমতি ছাড়া মাটি উত্তোলন ও পরিবহন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় নদী-নালার নিরাপত্তা ও রাস্তার স্থায়ীত্ব বজায় রাখতে নিয়মিতভাবে এই ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম চালানো হবে। আমরা আশা করি, জনগণ আইন মেনে চলবে এবং অবৈধ কর্মকাণ্ড এড়াবে।”
স্থানীয়রা জানান, “মাটি উত্তোলনের সময় প্রশাসনের উপস্থিতি ও মোবাইল কোর্টের কার্যক্রম দেখা গেলে অনেকে আইন মানবে। এতে এলাকার পরিবেশ ও রাস্তার অবকাঠামোর ক্ষতি রোধ হবে।” এই অভিযানকে প্রশাসন ও পুলিশ যৌথ উদ্যোগের মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখার কার্যকর উদাহরণ হিসেবে অভিহিত করছেন।