
নিজস্ব প্রতিনিধি: কামরুন তানিয়া
৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান এইড ইন্টারন্যাশনালের উদ্যোগে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কার্যালয়ের সামনে থেকে সকাল সাড়ে আটটায় একটি র্যালি বের হয়, যা পরে জাতীয় প্রেসক্লাব অভিমুখে অগ্রসর হয়। এবারের মানবাধিকার দিবসের প্রতিপাদ্য ছিল—“জনবান্ধব রাজনীতির দাবি”।
সংস্থাটির সাংগঠনিক সচিব শেখ মিঠু মোল্ল্যা স্বাক্ষরিত এক বিবৃতিতে মানবাধিকার, সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলোকে বিভ্রান্তিকর এজেন্ডা পরিহার করে প্রকৃত মানবাধিকারকর্মী গড়ে তোলার আহ্বান জানানো হয়। পথবাসী মানুষের জীবনমান উন্নয়ন, ক্ষুধার্ত মানুষের কষ্ট লাঘব এবং ভুল চিকিৎসায় মৃত্যুহার কমানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়—ধর্ষণ মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন, ফুটপাত দখল বন্ধ, ভেজাল ওষুধ নির্মূল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, মাদক ব্যবসা প্রতিরোধ এবং গণধর্ষণের মতো জ্বলন্ত সামাজিক সমস্যার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে।
হিউম্যান এইড ইন্টারন্যাশনালের মহাসচিব বলেন, দেশের মানুষ এমন একটি বিচারব্যবস্থা পাওয়ার অধিকার রাখে যেখানে মানবাধিকার সমুন্নত রেখে বিচারকার্য পরিচালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভাইস চেয়ারম্যান খান আমজাদ হোসেন। প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন ও স্বেচ্ছাসেবক দল সার্বিক সহযোগিতা করেন।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব বিজনেস রিসার্চের পরিচালক অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, “সাধারণ মানুষের অন্ন, বস্ত্র, স্বাস্থ্য ও বাসস্থান নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব।” বিশেষ অতিথি ড. সৈয়দ হুমায়ুন কবীর বলেন, “মানবাধিকারহীন স্বাস্থ্যসেবা জনগণকে ভয়াবহ পরিস্থিতিতে ঠেলে দিচ্ছে।”
প্রধান বক্তা বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, “আগুনে পুড়িয়ে দেওয়া চার শতাধিক কারখানার ৫০ লাখ শ্রমিকের চাকরি ফিরিয়ে দিতে হবে।”
অনুষ্ঠানে দৈনিক প্রাণের বাংলাদেশের প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং সহকারী মহাসচিব সাঈদা সুলতানা উপস্থিত সাংবাদিকদের সহযোগিতা করেন। কেন্দ্রীয় নারী ও শিশু বিভাগের প্রধান কামরুন তানিয়া, কেন্দ্রীয় নীতিনির্ধারণী পর্ষদের সদস্য মো. নাজমুল খান, ইলিয়াস আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য দেশের সব সচেতন নাগরিক, মানবাধিকার কর্মী ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান হিউম্যান এইড ইন্টারন্যাশনালের মহাসচিব সেহলী পারভীন।