
নিজস্ব প্রতিবেদক, নড়াইলঃ
বাংলাদেশ পুলিশে ১০ হাজার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকার। এর অংশ হিসেবে নড়াইল জেলায় নিয়োগ কার্যক্রম আগামী ১৫, ১৬ ও ১৭ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নড়াইল জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে প্রচার কার্যক্রম চালানো হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেশের শীর্ষস্থানীয় তিনটি জাতীয় পত্রিকা—দৈনিক প্রথম আলো, দৈনিক বাংলাদেশ প্রতিদিন এবং দ্য ডেইলি স্টার-এ প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫, ১৬ ও ১৭ এপ্রিল সকাল ৮টা থেকে নড়াইল জেলায় প্রার্থীদের শারীরিক মাপ যাচাই, কাগজপত্র পরীক্ষা এবং ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট (Physical Endurance Test) অনুষ্ঠিত হবে। এরপর ২৭ এপ্রিল লিখিত পরীক্ষা এবং ৬ মে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
এদিকে আগ্রহী প্রার্থীদের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে ৫ মার্চ ২০২৬ থেকে, যা চলবে আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।
নড়াইল জেলা পুলিশ জানায়, স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের বাছাই করার লক্ষ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
NGS/MMH