
নিজস্ব প্রতিবেদক
খুলনার পাইকগাছায় রাস্তায় নবজাতক জন্ম দেওয়া সেই মানসিক ভারসাম্যহীন নারী পারুল আক্তার অবশেষে ১৯ মাস পর পরিবারের কাছে ফিরে গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ দেখে তাকে খুঁজে পান স্বজনরা।
গত ২৯ জুলাই পাইকগাছা পৌরসদরের প্রধান সড়কের পাশে একটি দোকানের সিঁড়িতে নবজাতকের জন্ম দেন পারুল আক্তার। বিষয়টি স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মা হয়েছে পাগলী, বাবা হয়নি কেউ’ শিরোনামে ব্যাপক আলোচিত হয়। ফেসবুকে সংবাদ দেখে তার পরিচয় নিশ্চিত হন পরিবারের সদস্যরা।
সোমবার (৪ আগস্ট) দুপুরে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় পারুলকে তার বাবা আলমগীর হোসেন বাড়ি নিয়ে যান। তাদের বাড়ি বরগুনা জেলার বেতাগী থানার উত্তর চন্দকানী গ্রামে।
আলমগীর হোসেন জানান, তার মেয়ের প্রায় ১২ বছর ধরে মানসিক সমস্যা রয়েছে। ১৯ মাস আগে সে বাড়ি থেকে নিখোঁজ হয়। পাঁচ সন্তানের মধ্যে পারুল তার বড় মেয়ে।
পাইকগাছা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস বলেন, “পাইকগাছা হাসপাতাল থেকে চিকিৎসার জন্য তাকে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর সুপারিশ করা হয়েছে। আমাদের তত্ত্বাবধানে তাকে তার পিতার সঙ্গে সেখানে পাঠানো হয়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, “পারুলের পরিবার খুবই অসহায়। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”
নবজাতককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। অনেকেই শিশুটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনগত প্রক্রিয়া অনুসরণ করে শিশুর সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে।