
শাহিনুর আক্তার নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর বেলাব থানার পুলিশের অভিযানে ৩০০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৫ মে) সকাল ৭টা ৩৫ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের ধুকুন্দি এলাকার চিপাঘাট নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বেলাব থানার অফিসার ইনচার্জ এস এম আমান উল্লাহ’র দিকনির্দেশনায় রাত্রিকালীন কিলো-৬ ডিউটিতে থাকা এসআই (নিরস্ত্র) মো. মাহবুব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার হেফাজত থেকে ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন আব্দুল হামিদ মজিদ (৪১)। তিনি সিলেট জেলার জকিগঞ্জ থানার খলছড়া ইউনিয়নের গাগলাজোড় এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।
বেলাব থানার অফিসার ইনচার্জ এস এম আমান উল্লাহ জানান, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানান।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বেলাব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।