
জেনিভা প্রিয়ানা, বাগেরহাট প্রতিনিধি
খুলনার ৩ এপিবিএনের (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) সাইবার ক্রাইম ইউনিট একাধিক সফল অভিযান চালিয়ে জুন মাসে দেশের বিভিন্ন স্থান থেকে হারানো ৩৬টি মোবাইল ফোন ও বিকাশ প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ৩০ হাজার টাকা উদ্ধার করেছে।
অভিযান পরিচালিত হয় ৩ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম এম সালাহউদ্দিনের নির্দেশনা এবং সহ-অধিনায়ক পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান এবং সহকারী পুলিশ সুপার এস. কে. আব্দুল্লাহ আল সাইদের সরাসরি তত্ত্বাবধানে।
এপিবিএনের অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিটটি খুলনা অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, হারানো মোবাইল ফোন উদ্ধার এবং ফেসবুকসহ অনলাইন প্রতারণা রোধে কার্যকরভাবে কাজ করছে।
সাম্প্রতিক অভিযানে সাইবার ইউনিট দেশের বিভিন্ন থানায় সাধারণ ডায়েরির ভিত্তিতে অনুসন্ধান করে মোট ৩৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেয়। পাশাপাশি বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৩০ হাজার টাকাও উদ্ধার করে ভুক্তভোগীদের ফেরত দেওয়া হয়।
এছাড়া ইউনিটটি জুন মাসে তিনটি হ্যাক হওয়া ফেসবুক আইডি, একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পুনরুদ্ধার করে সংশ্লিষ্ট ব্যক্তিদের ফিরিয়ে দিয়েছে এবং বিকাশ প্রতারণার শিকার আরও কয়েকজনকে প্রয়োজনীয় আইনি সহায়তা দিয়েছে।
হারানো মোবাইল ও টাকা হস্তান্তরের সময় সহ-অধিনায়ক আবুল কালাম আজাদ বলেন, “জনসাধারণ যদি সাড়া দেয়, তাহলে আমরা আরও বেশি ভুক্তভোগীকে আইনি সহায়তা দিতে সক্ষম হবো।” তিনি জনগণকে যে কোনো অনলাইন বা মোবাইল সংশ্লিষ্ট অপরাধের শিকার হলে তাৎক্ষণিকভাবে ৩ এপিবিএন-এর সাইবার ইউনিটের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।