নিজস্ব প্রতিবেদক
দেড় যুগ আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরিচ্যুত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরি ফেরত দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আপিল বিভাগ এই ৮৫ কর্মকর্তাকে চাকরিতে বহাল করে তাদের সব সুযোগ-সুবিধা দিতে নির্দেশ দিয়েছেন। এছাড়া, মারা যাওয়া তিন কর্মকর্তার পরিবারের জন্য আইন অনুযায়ী সব সুবিধা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী, ব্যারিস্টার সালাউদ্দিন দোলন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।
এর আগে, গত ২০ ফেব্রুয়ারি, ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তার চাকরিতে ফেরার বিষয়ে আপিল বিভাগ রায় ঘোষণার জন্য ২৫ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেছিলেন।
২০০৫ সালের ৩ সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে ৩২৭ জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। এরপর ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ৮৫ জনকে চাকরিচ্যুত করা হয়। এই ৮৫ জন তাদের চাকরি পুনরুদ্ধার করতে আদালতে আবেদন করেন, এবং ২০১০ সালের ১২ এপ্রিল প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল তাদের চাকরিতে পুনর্বহালের আদেশ দেন।
এরপর ২০২২ সালের ১ সেপ্টেম্বর আপিল বিভাগের রায়ে ৮৫ জনকে চাকরিতে পুনর্বহাল করতে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের দেওয়া রায় বাতিল করা হয়। তবে, সর্বশেষ ২০২৩ সালে রিভিউ আবেদন মঞ্জুর করে আপিল বিভাগ চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দেয়।